মিশরের ফুটবল ইতিহাসে নতুন ইতিহাস গড়লেন মোহামেদ সালাহ। আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইপর্বে মালাবির বিপক্ষে গোল করে দেশের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এখন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের একক আধিপত্য।
শুক্রবার অনুষ্ঠিত এই ম্যাচে মালাবিকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয় মিশর। এই দুর্দান্ত জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ 'বি'-র শীর্ষস্থান দখল করেছে ফারাওরা।
ঘরের মাঠ কায়রো আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটে নাসের মাহেরের গোলে এগিয়ে যায় মিশর। পাঁচ মিনিট পর ব্যবধান ২-০ করেন ওমর মারমুশ। ম্যাচের ৩৮তম মিনিটে মোহাম্মদ হানির গোলে আরও এগিয়ে যায় মিশর। বিরতির পর বাকি গোল দুটি করেন সালাহ। ম্যাচের ৮৪তম মিনিটে প্রথম গোল করে সাবেক সতীর্থ হোসাম হাসানের ৬৯ গোলের রেকর্ডে ভাগ বসান সালাহ। যোগ করা সময়ে প্যানেনকা শটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার ৭০তম গোল। এই গোলের মধ্যে দিয়ে মিশরের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতা এখন সালাহ।
২০১১ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত ১২৩ ম্যাচ খেলেছেন সালাহ। বর্তমানে তুরস্কের ক্লাব ত্রাবজোনস্পোরে খেলছেন তিনি।
চলতি মৌসুমে লিগে ১১ ম্যাচে করেছেন ৯ গোল। তুরস্কের সুপার লিগে ২০১৪-১৫ মৌসুম থেকে পরিসংখ্যান সংরক্ষণ শুরুর পর প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম সাত ম্যাচে ১০টি গোলে অবদান রাখার কীর্তিও গড়েছেন তিনি।
মতামত