একটি ছোট্ট স্বপ্ন, যার লক্ষ্য বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া পবিত্র আল-কোরআনের আলো। সেই মহতী লক্ষ্য বাস্তবায়নে হাদিয়া ব্যতীত ৬৪ জেলায় পবিত্র কুরআন শরিফ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন সৌদি আরব প্রবাসী মো. সুমন ভূঁইয়া।
এই উদ্যোগের অংশ হিসেবে গাজীপুরের নারায়নকুল আল-জামিয়া মকবুলিয়া এতিমখানা মাদ্রাসায় পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে নারায়নকুল যুব কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা। এরই ধারাবাহিকতায় আজ মাদ্রাসাটিতে ৩০টি পবিত্র কুরআন শরিফ ও তসবিহ বিতরণ করা হয়।
উদ্যোক্তা মো. সুমন ভূঁইয়ার স্বপ্ন, দেশের প্রতিটি জেলায়, প্রতিটি ঘরে পবিত্র আল-কোরআনের আলো পৌঁছে দেওয়া। আর এই স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নারায়নকুল যুব কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা।
শুধু কুরআন বিতরণ নয়, নারায়নকুল যুব কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সমাজসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এলাকায় কেউ মারা গেলে দাফনের জন্য কবর খননসহ প্রয়োজনীয় সহযোগিতায় সবার আগে এগিয়ে আসেন সংগঠনটির সদস্যরা।
যেখানে অনেক তরুণ মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, সেখানে নারায়নকুলের একদল তরুণ নিজেদের ব্যস্ত রেখেছেন সমাজের কল্যাণে। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, মানবিক কাজে অংশগ্রহণ এবং সামাজিক দায়বদ্ধতা থেকে তাঁরা কাজ করে যাচ্ছেন।
তরুণদের এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাঁদের এই কার্যক্রম অন্য তরুণদেরও সমাজসেবামূলক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
একটি ছোট্ট স্বপ্ন থেকে শুরু হোক বড় পরিবর্তন। প্রতিটি ঘরে পৌঁছে যাক পবিত্র আল-কোরআনের আলো।
মতামত