মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, বীর শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার চেতনাকে যথাযথ মর্যাদায় স্মরণ করার প্রত্যয়ে গাইবান্ধায় মহান বিজয় দিবস ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ১৫ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।
সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় দিবসটির কর্মসূচি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তর, প্রতিষ্ঠান ও সংগঠনকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার বিষয়টিও গুরুত্ব পায়।
সভায় বক্তারা বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতার চিরস্মরণীয় অধ্যায়। এই দিনটির যথাযথ মর্যাদা রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে গাইবান্ধায় এবারের বিজয় দিবসের সব কর্মসূচি সফলভাবে উদযাপন করা সম্ভব হবে।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। সেই ঐতিহাসিক বিজয়ের স্মৃতিকে ধারণ করে প্রতিবছর ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়।
মতামত