কক্সবাজারে ইকরাম হত্যা মামলার পলাতক আসামি সাদ্দাম হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে কক্সবাজার সদর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর রাতে আলীরজাহাল সিটি কলেজ সংলগ্ন এলাকায় মো. ইকরাম (৪০)কে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় দায়ের করা মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি সাদ্দাম।
গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি, নারী ও শিশু নির্যাতন দমন আইন, হত্যা এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তারের পর তাঁকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত