সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির শ্লীলতাহানির মামলায় নির্ধারিত দিনে সাক্ষ্যগ্রহণ শুরু করা যায়নি। মামলার একমাত্র আসামি অধ্যক্ষ সিরাজ উদদৌলা আদালতে উপস্থিত না থাকায় বাদীর সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি। আগামী ২৬ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
গত সোমবার (৯ নভেম্বর) ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শাহাব উদ্দিন আহাম্মদ।
তিনি জানান, মামলার একমাত্র আসামি অধ্যক্ষ সিরাজ উদদৌলা বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কুমিল্লা কারাগারে রয়েছেন। তাঁর আদালতে অনুপস্থিতির কারণে মামলার বাদী শিরিন আক্তারের সাক্ষ্যগ্রহণ করা সম্ভব হয়নি। এ মামলায় মোট ২৯ জন সাক্ষী রয়েছেন। নুসরাত হত্যা মামলার বিচার কার্যক্রম চলমান থাকায় শ্লীলতাহানির মামলাটির কার্যক্রম স্থগিত ছিল।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩ জুলাই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২৭১ পৃষ্ঠার অভিযোগপত্রে চিকিৎসক ও পুলিশ সদস্যসহ মোট ২৯ জনকে সাক্ষী করা হয়। পরদিন ৪ জুলাই ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। পরবর্তী সময়ে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। একই বছরের ৯ জুলাই মামলায় অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছিল।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ২৭ মার্চ সকালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজের কক্ষে ডেকে নিয়ে নুসরাত জাহান রাফির শ্লীলতাহানির চেষ্টা করেন। এ ঘটনায় নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার দিনই পুলিশ অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে গ্রেপ্তার করে।
প্রথমে মামলাটি তদন্ত করেন সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল আহাম্মদ। পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তদন্ত শেষে সংস্থাটির পরিদর্শক মোহাম্মদ শাহ আলম ৯৬ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এদিকে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়েরের পর ২০১৯ সালের ৬ এপ্রিল আলিম পরীক্ষায় অংশ নিতে মাদ্রাসাকেন্দ্রে যায় নুসরাত। অভিযোগ রয়েছে, সেদিন দুর্বৃত্তরা কৌশলে তাকে মাদ্রাসার ছাদে নিয়ে শরীরে আগুন ধরিয়ে দেয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে মৃত্যুবরণ করে নুসরাত।
আগামী ২৬ জানুয়ারি মামলাটির পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মতামত