ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে বিকেল সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানাধীন বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে মোছা. শরিফা খাতুন (৩২) ও পলাশ মোল্লা (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৩ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা, পাশাপাশি ৫০০ গ্রাম গাঁজা, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিন রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানাধীন পদ্মার মোড় এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় মো. শিপন (২৫) ও মো. আব্দুল বারেক (৩৮) নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৯ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার পলাশ মোল্লার বিরুদ্ধে চুরির অভিযোগে তিনটি এবং সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মতামত