বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা জোরদার, আন্তঃদেশীয় অপরাধ দমন এবং অর্থপাচার প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. ফিলিপ অং।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অপরাধ দমন, নিরাপত্তা সহযোগিতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচার প্রতিরোধে যৌথ তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি লেনদেন শনাক্তকরণ এবং সাইবার অপরাধ দমনে সিঙ্গাপুরের পক্ষ থেকে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ প্রদানের বিষয়েও আলোচনা করেন।
এ ছাড়া আধুনিক গোয়েন্দা তথ্যনির্ভর অভিযান পরিচালনা, জরুরি পরিস্থিতি মোকাবিলা ও সংকট ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময় এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও তথ্য বিনিময় জোরদারের বিষয়েও উভয় পক্ষ আলোচনা করেন।
এ সময় আইজিপি মোঃ আলী হোসেন ফকির অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের দ্বিপাক্ষিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে ভূমিকা রাখতে পারে।
সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত