দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে গাইবান্ধায় ‘Choice, Hope & Resilience (CHAR) Bangladesh Pilot Project’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)। আন্তর্জাতিক সংস্থা GiveDirectly-এর সহযোগিতায় পরিচালিত এ প্রকল্পের বিস্তারিত তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ‘মিট দ্য প্রেস’।
রোববার (৮ নভেম্বর) দুপুরে জেলা শহরের নাশরতপুরে অবস্থিত আবাসিক মডেল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান আব্দুস সালাম। তিনি জানান, প্রকল্পের আওতায় গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চারটি ইউনিয়নের প্রায় সাড়ে আট হাজার মানুষের প্রত্যেককে দুই ধাপে ৬০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এ জন্য প্রকল্পে মোট প্রায় ৫১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এ প্রকল্পের মূল উদ্দেশ্য কেবল আর্থিক সহায়তা প্রদান নয়; বরং মানুষের মধ্যে আত্মনির্ভরশীলতা তৈরি, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং নিজেদের জীবনমান উন্নয়নে কার্যকর সুযোগ সৃষ্টি করা। এ উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রকল্পটির সফল বাস্তবায়নের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মতামত