মাদক পাচার প্রতিরোধে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা।
সোমবার (২ নভেম্বর) রাত ১টার দিকে টেকনাফের বড়ইতলি সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা মাদক ও যানবাহনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মতামত