গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের হেলপার রাজু শেখকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। তবে পিকআপের চালক মাজহারুল ইসলাম এখনো পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ওই রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রাত্রিকালীন টহল শেষে তিন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করে থানায় ফিরছিল। পথে কলেজের সামনে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা পুলিশের গাড়ি থামিয়ে সদস্যদের সঙ্গে কথা বলছিলেন।
এ সময় টঙ্গী থেকে ঘোড়াশালগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের দল ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এসআই মিজানুর রহমান ও রফিকুল ইসলাম মোল্লা নিহত হন। পিকআপটি থামানোর চেষ্টা করলে পুলিশের অপর সদস্য পিএসআই জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর চালক পিকআপ নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় গত ২৫ অক্টোবর কালীগঞ্জ থানায় মামলা নম্বর ২৬ দায়ের করা হয়। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৮ অক্টোবর রাতে নরসিংদীর পলাশ থানার ডাঙ্গা গ্রামের কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা পিকআপটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২। এ সময় গাড়িটির হেলপার রাজু শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী থানার দক্ষিণ ফুকরা গ্রামের লুৎফর রহমানের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাজু শেখ জানিয়েছেন, দুর্ঘটনার সময় পিকআপটি চালাচ্ছিলেন চালক মাজহারুল ইসলাম। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
গ্রেপ্তার রাজু শেখকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
মতামত