ঢাকা জেলা ডিবি উত্তরের বিশেষ অভিযান, জব্দ করা হেরোইনের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা
ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ মো. গোলাম রসুল (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে ধামরাই থানার দক্ষিণপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল এ অভিযান চালায়।
গ্রেপ্তার গোলাম রসুল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চর তেররশিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা আরশাদ আলী এবং মা জরিনা বেগম। তিনি ধামরাই দক্ষিণপাড়ায় জাবেদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মতামত