নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ছয় বোতল দেশীয় তৈরি কেরু মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের উঠমা এলাকার একটি খেলার মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সোনারগাঁ উপজেলার সাদিপুর এলাকার মোঃ মাসুমের ছেলে সুমন মিয়া (১৯) এবং মোড়গাকুল এলাকার বিল্লাল হোসেনের ছেলে সিয়াম হোসেন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জামপুর ইউনিয়নের উঠমা এলাকার খেলার মাঠে অভিযান চালায়। এ সময় ওই দুই যুবককে ছয় বোতল দেশীয় তৈরি কেরু মদসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিস্তার রোধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মতামত