মির্জাপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে ১২০০ পিস ই-য়াবাসহ রিপন মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ১২ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই অভিযানে মাদক সেবনের অভিযোগে আরও তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।
সোমবার রাতে মির্জাপুর উপজেলার মহেড়া আগছাওয়ালী এলাকায় রিপন মিয়ার বসতঘরে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ঘরের কাঠের ড্রেসিং টেবিলের আয়নার পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মির্জাপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়।
অন্যদিকে, মহেড়া পিটিসির পাশে আনন্দ উচ্চ বিদ্যালয়ের মাঠে মাদক সেবনের সময় জাবেদ, ফরিদ ও জহুরুল নামে তিনজনকে আটক করা হয়। পরে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়।
মতামত