৬ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এ সময় ভারতীয় ইয়াবা ট্যাবলেট, প্যান্টের পিস, বিভিন্ন ধরনের ওষুধসহ আনুমানিক ৩ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জানায়, গত ২৪ ঘণ্টায় জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে দুইজন আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি ভারতীয় ইয়াবা ট্যাবলেট, প্যান্টের পিস, ওষুধ ও অন্যান্য অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি আরও জানায়, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা, চোরাকারবারিদের যেকোনো অপতৎপরতা প্রতিহত করা এবং সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা ও স্বস্তি বজায় রাখতে বিজিবির নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মতামত