ঢাকার ধামরাই ও সাভারে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও সাত বোতল ফেয়ারডিলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় শনিবার (৩ অক্টোবর) রাতে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে ধামরাই থানার ঢুলিভিটা এলাকায় অভিযান চালায় ঢাকা জেলা ডিবি (উত্তর)। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই শেখ মো. মাসুদ আল মামুনসহ পুলিশ সদস্যরা। এ সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধামরাইয়ের ডাউটিয়া পশ্চিমপাড়ার মো. নাহিদ (২০), দেপাশাই এলাকার মো. শাকিল (২২) এবং একই এলাকার মো. আল আমিন (২২)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ২০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, একই রাতে রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার সিএন্ডবি এলাকায় পৃথক অভিযান চালায় ডিবি। এসআই মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সাত বোতল ফেয়ারডিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাভারের কলমা উত্তরপাড়ার রতন (৩০), দেওগাঁ পূর্বপাড়ার জুয়েল ইসলাম ওরফে নিলয় (৩০) এবং একই এলাকার মো. আবুল কালাম গাজী ওরফে নয়ন (৩৪)। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ফেয়ারডিলের পরিমাণ ৭০০ মিলিলিটার এবং আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জুয়েল ইসলাম ওরফে নিলয়ের বিরুদ্ধে ইতোমধ্যে দুটি মাদক মামলা এবং একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মতামত