রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন সড়কের উভয় পাশে গড়ে ওঠা অনুমোদনহীন অবৈধ বিলবোর্ড উচ্ছেদে বিশেষ যৌথ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ অভিযানে মোট ২০টি অবৈধ বিলবোর্ড ভেঙে ফেলা ও অপসারণ করা হয়। এটি ছিল রাজউক ও ট্রাফিক পুলিশের এই ধারাবাহিক উচ্ছেদ অভিযানের চতুর্থ দিন।
অভিযানকালে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক জুবায়েরসহ গুলশান ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে রাজউকের পক্ষে উপস্থিত ছিলেন রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপনগর পরিকল্পনাবিদসহ একটি প্রতিনিধি টিম।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়কের শৃঙ্খলা, সৌন্দর্য বৃদ্ধি ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অনুমোদনহীন বিলবোর্ড অপসারণে এ ধরণের যৌথ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে
মতামত