নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) রাত ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর বাজারের দক্ষিণ পাশে নজরুলের বন্ধ খাবার হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লাদুরচর মধ্যপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন (৪৮) এবং চরকামালদি এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. জাকির হোসেন (৪৩)।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করে তল্লাশি চালানো হলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের নথিপত্র ও সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, গ্রেপ্তার আনোয়ার হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চট্টগ্রামের চান্দগাঁও ও কর্ণফুলী থানা এবং কক্সবাজারের রামু থানায় মোট চারটি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় ইতোমধ্যে চার্জশিটও দেওয়া হয়েছে।
অন্যদিকে জাকির হোসেনের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মতামত