চোখে আলো নেই, তবু স্বপ্ন একটি স্থায়ী চাকরির। অঙ্গহীন জীবনে ভিক্ষাবৃত্তি ছেড়ে সম্মানের সঙ্গে বাঁচতে চান রোকসানা। আর স্ট্রোকে কর্মক্ষমতা হারানো শুক্কুর আলীর চাওয়া শুধু মাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয়। জীবনের এমন কঠিন বাস্তবতায় যখন তিন অসহায় মানুষের জীবন অনিশ্চয়তায় থমকে ছিল, তখন তাদের পাশে দাঁড়িয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
বুধবার (৩০ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক গণশুনানিতে নিজেদের কষ্ট, দুর্দশা ও প্রত্যাশার কথা তুলে ধরেন তারা। তাদের কথা শুনে তাৎক্ষণিকভাবে সহযোগিতার উদ্যোগ নেন জেলা প্রশাসক।
দৃষ্টিপ্রতিবন্ধী মিজানুরের স্বপ্ন একটি চাকরি
শ্রীপুর উপজেলার বনখরিয়া এলাকার বাসিন্দা ৩৯ বছর বয়সী মিজানুর রহমান দৃষ্টিপ্রতিবন্ধী। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন তিনি। তার এক ছেলে ও এক মেয়ে। মেয়েটিও দৃষ্টিপ্রতিবন্ধী এবং ঢাকার জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে। ছেলে মাদরাসার হিফজ বিভাগে পড়ছে।
অসুস্থ মায়ের দেখাশোনার পাশাপাশি স্ত্রী-সন্তানদের দায়িত্বও মিজানুরের ওপর। কিন্তু নিজের কোনো জমিজমা না থাকায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে।
গণশুনানিতে জেলা প্রশাসককে মিজানুর জানান, দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় চাকরি পাওয়ার ক্ষেত্রে তাকে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করতে একটি সরকারি চাকরি তার খুব প্রয়োজন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজের পরিস্থিতি তুলে ধরার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
মিজানুরের কথা শুনে তার পাশে দাঁড়ানোর আশ্বাস দেন জেলা প্রশাসক। তার মেয়ে নিজেও দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করার চেষ্টা করবেন বলে জানান তিনি। পাশাপাশি মিজানুর চাইলে নিজ উদ্যোগেও তার জন্য চাকরির ব্যবস্থা করার কথা বলেন জেলা প্রশাসক।
ভিক্ষা ছেড়ে সম্মান নিয়ে বাঁচতে চান রোকসানা
গাজীপুর মহানগরের মাষ্টারবাড়ি এলাকায় বসবাসকারী রোকসানার বাড়ি বগুড়ায়। মাত্র ২৫ বছর বয়সেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি। ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে চট্টগ্রামে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় ডান পা এবং বাঁ হাতের তিনটি আঙুল হারান রোকসানা। এরপর থেকেই জীবিকা নির্বাহের জন্য তাকে ভিক্ষাবৃত্তির ওপর নির্ভর করতে হয়।
পরবর্তীতে সুখের আশায় এক রাজমিস্ত্রির সহকারীকে বিয়ে করেন তিনি। স্বামীর আয়ও ছিল অনিয়মিত। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হন রোকসানা। কিন্তু সন্তান পৃথিবীর আলো দেখার আগেই প্রতিপক্ষের হামলায় নিহত হন তার স্বামী।
এরপর সন্তানকে মায়ের কাছে রেখে জীবিকার সন্ধানে গাজীপুরে আসেন রোকসানা। শারীরিক প্রতিবন্ধকতা ও অসহায়ত্বের কারণে তাকে আবারও ভিক্ষাবৃত্তিতে ফিরতে হয়।
‘গরিবের বন্ধু’ হিসেবে জেলা প্রশাসকের কথা শুনে গণশুনানিতে নিজের কষ্টের কথা জানান রোকসানা। তার কথা শুনে উদ্যোগ নেন জেলা প্রশাসক। পরে গাজীপুরের কাশিমপুরের একটি পোশাক কারখানায় তার চাকরির ব্যবস্থা করে দেন তিনি।
শুক্কুর আলীর চাওয়া শুধু একটি ঘর
গাজীপুর মহানগরের পূবাইল থানার হারবাইদ এলাকার বাসিন্দা শুক্কুর আলী পেশায় ছিলেন দিনমজুর। নিজের কোনো ঘরবাড়ি বা জমিজমা না থাকায় অন্যের সহযোগিতায় দিন কাটছিল তার।
প্রায় দুই বছর আগে স্ট্রোক করে কর্মক্ষমতা হারান শুক্কুর। এরপর পরিবারের দায়িত্ব পালন তো দূরের কথা, নিজের মাথা গোঁজার নিরাপদ আশ্রয়ও অনিশ্চিত হয়ে পড়ে।
শুক্কুরের দুর্দশা দেখে এক ব্যক্তি তাকে ঘর নির্মাণের জন্য কিছু জমি দিতে চেয়েছেন। কিন্তু ঘর তৈরির সামর্থ্য নেই তার। তাই সহযোগিতার আশায় জেলা প্রশাসকের কাছে আসেন তিনি।
শুক্কুরের কথা শুনে তাকে আশাহত করেননি জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। ঘর নির্মাণে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
‘মানুষের কল্যাণ হলে আমার সময়টা কাজে লাগল’
গণশুনানিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রসঙ্গে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “প্রতি বুধবার সমাজের অবহেলিত মানুষের কথা শুনি। তাদের সহযোগিতা করার চেষ্টা করি। তাদের দুঃখ-কষ্টের কথা, যা কাউকে বলতে পারেন না, সেগুলো শুনে ব্যবস্থা নিই।”
জনগণের কাছে তিনি ‘গরিবের বন্ধু’ হিসেবে পরিচিত—এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, “এ বিষয়ে আমার জানা নেই। মানুষ আমাকে কীভাবে দেখবে, সেটা মানুষের বিষয়। কোনো কিছুর প্রত্যাশা নিয়ে আমি কাজ করি না। নিজের সন্তুষ্টির জন্য অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করি। তাদের যদি উপকার হয়, তাতেই আমি খুশি। মানুষের কল্যাণ হলে আমার সময়টা কাজে লাগল। আমি সন্তুষ্ট।”
মতামত