শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে জাতীয় সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ সচিবালয় সূত্রে তাঁর পদত্যাগের বিষয়টি জানা গেছে। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তবে তাঁর পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত সরকার কিংবা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
চলতি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ড. ওসমান ফারুক।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা শেষে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি।
তাঁর পদত্যাগের সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে পদত্যাগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
মতামত