মা-শিশুর সুরক্ষা ও কিশোর স্বাস্থ্য উন্নয়নে ১৪০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ
মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, শিশুস্বাস্থ্যের উন্নয়ন এবং কিশোর- কিশোরীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাঠপর্যায়ের ১৪০ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি (SSBC) প্রকল্পের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে চারটি ব্যাচে অংশ নেন সংশ্লিষ্ট বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ইউনিসেফের আর্থিক সহযোগিতায় পরিচালিত এসএসবিসি প্রকল্পের আওতায় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ৩ থেকে ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা (Maternal, Newborn, Child and Adolescent Health—MNCAH) বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। এতে স্বাস্থ্য বিভাগের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP), স্বাস্থ্য সহকারী (HA), সহকারী স্বাস্থ্য পরিদর্শক (AHI), স্বাস্থ্য পরিদর্শক (HI), এমটি-ইপিআই (MT-EPI) এবং পরিবার পরিকল্পনা বিভাগের এফপিআই (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
প্রশিক্ষণের উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মোজাম্মেল হক, নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. রমজান আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আজিজুল হক, এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্ট ম্যানেজার নিতা ফ্লোরা দাস এবং এসএসবিসি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জেমস উজ্জ্বল শিকদার।
প্রশিক্ষণের সমাপ্তি দিবসে অতিথিরা বলেন, মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দক্ষ স্বাস্থ্যকর্মী গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধি করা জরুরি। বিশেষ করে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি, মানসিক সুস্থতা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সঠিক তথ্য ও ধারণা দেওয়া প্রয়োজন। একই সঙ্গে স্বাস্থ্যসেবা কার্যক্রমে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।
তারা আরও বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরাই সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাদের জ্ঞান, দক্ষতা ও কর্মক্ষমতা বাড়ানো প্রয়োজন। এর মাধ্যমে মা, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের জন্য মানসম্মত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মীরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা তারা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। বিশেষ করে মাতৃ ও নবজাতকের যত্ন, শিশুস্বাস্থ্য এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা প্রদানে এ প্রশিক্ষণ তাদের আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মতামত