নির্ধারিত সময়ের পাঁচ দিন পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ৮৩৬ জন পর্যটক নিয়ে এমভি বার আউলিয়া সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে।
কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে সকাল সাড়ে ৭টার দিকে জাহাজটি ছেড়ে যায়। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান জানান, আগে থেকে টিকিট সংগ্রহ করা পর্যটকদের বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার একটি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত শুরুর কথা ছিল। তবে বিভিন্ন জটিলতার কারণে তা পিছিয়ে যায়।
স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, শুক্রবার থেকে এমভি কর্ণফুলি ও এমভি টেকনাফও পর্যটক পরিবহনে যুক্ত হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মৌসুমে তিনটি জাহাজ পর্যটক পরিবহনের অনুমতি পেয়েছে। এমভি বার আউলিয়ার ধারণক্ষমতা ৮৫০ জন, এমভি কর্ণফুলির ৭৩২ এবং এমভি টেকনাফের ৭১৬ জন। তিনটি জাহাজের মোট ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন।
জাহাজ চলাচল শুরুর আগে অগ্নিনিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করে প্রশাসন। যাত্রী পরিবহনের উপযোগী করতে জাহাজগুলোর সংস্কার ও প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়।
জাহাজ চলাচল স্বাভাবিক হলে সেন্টমার্টিনের পর্যটন খাতের কার্যক্রম আরও গতিশীল হওয়ার আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। একই সঙ্গে দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত