মাদকমুক্ত যুবসমাজ গঠন, সামাজিক ন্যায়বোধ প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার প্রত্যয় নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় যুব দিবসের বিশেষ আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক। অনুষ্ঠানে আইন অঙ্গনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও নৈতিকতার চর্চায় বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘মাদকমুক্ত যুবসমাজ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মাদকের সামাজিক ক্ষতি, তরুণদের ভবিষ্যৎ এবং একটি সুস্থ সমাজ গঠনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
সভাপতি অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক জজকোর্ট, ঢাকার আইনজীবী। তিনি নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের সভাপতি এবং সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা। আইন পেশার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর সম্পৃক্ততার বিষয়টি অনুষ্ঠানে বিশেষভাবে গুরুত্ব পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিলদার বখত। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম। প্রধান আলোচক ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউলদৌলা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ ইসরাইল হাওলাদার, সহযোগী অধ্যাপক খাবিরা আখতার পারভিন, রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, কবি শিহাব রিফাত আলম, স্বপন আহমেদ, সাংবাদিক মিলন মল্লিক ও শেখ মোঃ শাহ কামাল (শ্যামল)।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। সেই প্রজন্ম যদি মাদকাসক্তি ও অপরাধপ্রবণতার মধ্যে জড়িয়ে পড়ে, তাহলে জাতীয় উন্নয়ন ও সামাজিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়। তাই যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করা রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তাঁরা আরও বলেন, মাদকবিরোধী আন্দোলনকে শুধু নির্দিষ্ট দিবসের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে সারা বছর ধরে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা তুলে ধরা হয়। আয়োজকদের মতে, নৈতিক নেতৃত্ব, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক সচেতনতার সমন্বয় ঘটাতে পারলেই একটি সুস্থ ও নিরাপদ যুবসমাজ গড়ে তোলা সম্ভব।
সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠন ও সার্ক হিউম্যান রাইটস ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে স্থান করে নেয়।
মতামত