দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম মজনু।
বৈঠকে দুর্যোগ মোকাবিলা, ত্রাণ কার্যক্রমের কার্যকর ব্যবস্থাপনা, দুর্যোগপ্রবণ মানুষের সুরক্ষা এবং দুর্গত মানুষের কাছে সরকারি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে কমিটির সদস্যদের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মুন্সী রফিকুল আলম মজনু তাকে এ দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে জনগণের সমস্যা সমাধানে কমিটির সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মজনু এমপি বলেন, দায়িত্বের আওতা হয়তো ছোট হতে পারে, কিন্তু কাজ করতে হবে একেবারে মাঠপর্যায়ে গিয়ে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিকাংশ কার্যক্রমই গ্রাম ও প্রান্তিক মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই দাপ্তরিক পর্যায়ে সীমাবদ্ধ না থেকে মানুষের ঘরবাড়ি পর্যন্ত পৌঁছে তাদের বাস্তব সমস্যা ও প্রয়োজন চিহ্নিত করতে হবে।
তিনি বলেন, বন্যা, জলাবদ্ধতা, নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগে গ্রামের সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। ফেনীসহ সিলেট, চট্টগ্রাম ও দেশের অন্যান্য অঞ্চলের বন্যা পরিস্থিতির অভিজ্ঞতা তুলে ধরে তিনি দুর্যোগপ্রবণ এলাকার মানুষের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
দুর্যোগের সময় ত্রাণ বিতরণের ক্ষেত্রে খাদ্যের মান নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন মজনু। তিনি বলেন, বন্যাকবলিত মানুষের মধ্যে চাল, শুকনা খাবারসহ যেসব খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়, সেগুলো অবশ্যই মানসম্মত হতে হবে। দুর্গত মানুষের জন্য বরাদ্দকৃত সহায়তা যেন যথাযথ মান ও পরিমাণে তাদের কাছে পৌঁছায়, সে বিষয়েও কার্যকর তদারকি প্রয়োজন।
আশ্রয়কেন্দ্রগুলোর ব্যবস্থাপনা নিয়েও নির্দেশনার কথা তুলে ধরেন তিনি। দুর্যোগের সময় মানুষকে আশ্রয় দেওয়ার পাশাপাশি এসব আশ্রয়কেন্দ্র সারা বছর পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী রাখার ওপর গুরুত্ব দেন মজনু। তাঁর মতে, দুর্যোগ শুরু হওয়ার পর প্রস্তুতি নেওয়ার পরিবর্তে আগেই আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা জরুরি।
দেশের বিভিন্ন এলাকার বাঁধের প্রসঙ্গ তুলে ধরে তিনি বাঁধ মেরামত ও সংরক্ষণে সঠিক বরাদ্দ এবং কার্যকর তদারকির ওপর গুরুত্বারোপ করেন। প্রয়োজনীয় স্থানে বাঁধের সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ সময়মতো সম্পন্ন হলে বন্যা ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
মজনু এমপি কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, জনগণের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দুর্যোগ মোকাবিলায় মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার কাজ শুধু ত্রাণ বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। দুর্যোগের আগে প্রস্তুতি, দুর্যোগকালীন জরুরি সহায়তা এবং পরবর্তী সময়ে পুনর্বাসন-প্রতিটি পর্যায়েই কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে সরকারি সহায়তা দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দেওয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
মতামত