রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের ‘সাথি’ পদে যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। ২০২৫ সালের সেপ্টেম্বরে বিভিন্ন অভিযোগে তাঁর সাংগঠনিক পদ বাতিল করে সংগঠনটি। ঘটনার প্রায় এক বছর পর ছাত্রশিবিরের তিনটি সাংগঠনিক চিঠি সামনে আসার মধ্য দিয়ে তাঁর শিবির-সংশ্লিষ্টতার তথ্য প্রকাশ্যে এসেছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেছেন আম্মার।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের তিনটি সাংগঠনিক চিঠিতে আম্মারের সদস্যপদ স্থগিত ও পরবর্তী সময়ে বাতিলের সিদ্ধান্তের তথ্য পাওয়া গেছে। চিঠিগুলো সংগঠনের আনুষ্ঠানিক প্যাডে না হলেও শাখা ছাত্রশিবিরের বর্তমান একাধিক দায়িত্বশীল নেতা এগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।
চিঠিগুলোতে আম্মারের বিরুদ্ধে নৈতিক স্খলন, নারীদের সঙ্গে অবাধ মেলামেশা, অর্থের বিনিময়ে পদ দেওয়ার অভিযোগ, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা এবং অবৈধ আর্থিক লেনদেনসহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথমে তাঁর ‘সাথি’ পদ স্থগিত এবং পরে বাতিল করা হয়। পাশাপাশি সংগঠনের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছিল।
চিঠির বিষয়টি প্রকাশ্যে আসার পর নিজের ফেসবুক পেজে দীর্ঘ বক্তব্য দিয়েছেন সালাহউদ্দিন আম্মার। সেখানে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। তবে ছাত্রশিবিরের সঙ্গে নিজের পূর্ববর্তী সাংগঠনিক সংশ্লিষ্টতা নিয়ে পোস্টে কোনো ব্যাখ্যা দেননি তিনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কদের অন্যতম ছিলেন আম্মার। গণ-অভ্যুত্থানের পর তাঁর রাজনৈতিক অবস্থান ও ছাত্রশিবিরের সঙ্গে সম্পর্ক নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সময় আলোচনা তৈরি হয়।
২০২৫ সালের ১৬ অক্টোবর অনুষ্ঠিত রাকসু নির্বাচনেও আম্মারের নেতৃত্বে ছাত্রশিবিরের একটি বিকল্প প্যানেল ঘোষণার আলোচনা ছিল। ওই প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক সমন্বয়ক মেহেদী সজীব এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছিলেন আকিল বিন তালেব। মেহেদী বর্তমানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে আম্মার বিভিন্ন সময় গণমাধ্যমকর্মীদের কাছে নিজেকে শিবির-ঘরানার বলে পরিচয় দিতেন। শিবিরের পরিবেশে বেড়ে ওঠার কারণে অনেকে তাঁকে সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত মনে করেন বলেও জানিয়েছিলেন তিনি। অন্যদিকে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করে আসছিলেন।
যেভাবে বাতিল হয় সাথি পদ
ছাত্রশিবিরের সাংগঠনিক চিঠি অনুযায়ী, ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি সংগঠনটির তৎকালীন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদের স্বাক্ষরিত একটি চিঠিতে আম্মারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।
চিঠিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর ও জেলা কমিটিতে অর্থের বিনিময়ে পদ বাণিজ্যসহ তাঁর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ উঠেছিল। বিভিন্ন ব্যক্তি, প্ল্যাটফর্ম এবং দেশের প্রথম সারির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে এসব অভিযোগ সংগঠনের নজরে আসে।
এ বিষয়ে ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি শাখার মাসিক সেক্রেটারিয়েট সভায় বিস্তারিত আলোচনা হয়। অভিযোগগুলো আমলে নিয়ে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁর সাথি পদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছিল।
পরবর্তী সময়ে ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শাখা ছাত্রশিবিরের তৎকালীন সভাপতি মোস্তাকুর রহমান জাহিদের স্বাক্ষরিত আরেকটি চিঠিতে আম্মারের সাথি পদ বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে সাংগঠনিক শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকা এবং বারবার সংশোধনের উদ্যোগ নেওয়ার পরও পরিবর্তন না আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সর্বশেষ ২০২৬ সালের ৩১ জুলাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি মুজাহিদ ফয়সালের স্বাক্ষরিত একটি চিঠিতেও আগের সিদ্ধান্তগুলোর উল্লেখ করা হয়। সেখানে নৈতিক স্খলন, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা, নারীদের সঙ্গে অবাধ মেলামেশা, অবৈধ আর্থিক লেনদেন ও সম্পদ তছরুপ এবং সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে ধরা হয়।
ওই চিঠিতে আরও বলা হয়, আম্মারের বিভিন্ন কর্মকাণ্ড এবং ক্ষেত্রবিশেষে ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগের কারণে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় তাঁর অনলাইন ও অফলাইন কর্মকাণ্ড নিয়ে কোনো ধরনের ইতিবাচক বা নেতিবাচক প্রতিক্রিয়া না দেখানোর নির্দেশ দেওয়া হয় নেতা-কর্মীদের। শুধু রাকসুর নির্বাচিত দায়িত্বশীলদের তাঁর সঙ্গে দাপ্তরিক যোগাযোগ রাখার সুযোগ দেওয়া হয়।
যা বলছে ছাত্রশিবির
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান আম্মারের সঙ্গে সংগঠনটির সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পড়ার সময় আম্মার ছাত্রশিবিরের সাথি পদে যুক্ত হন। পরে কোডিং পদ্ধতিতে তাঁর সাংগঠনিক পরিচয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় স্থানান্তর করা হয়।
মেহেদী হাসানের ভাষ্য, জুলাই আন্দোলনের সময় সংগঠনের পক্ষ থেকে আম্মারকে বিভিন্নভাবে সহযোগিতা ও আশ্রয় দেওয়া হয়েছিল। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ইসলামবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এসব বিষয়ে সন্তোষজনক জবাব না পাওয়ায় সেপ্টেম্বরে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রশিবিরের আরেক দায়িত্বশীল নেতাও তিনটি চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর দাবি, আম্মার একসময় সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বহিষ্কারের পর তাঁর সঙ্গে সব ধরনের সাংগঠনিক যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অন্যদিকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে আম্মার বলেন, নারীদের সঙ্গে অবাধ মেলামেশা, চাঁদাবাজি এবং অর্থের বিনিময়ে পদ দেওয়ার মতো অভিযোগ তোলা হলেও সেগুলোর কোনো প্রমাণ দেওয়া হয়নি। তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
মতামত