কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদকবিরোধী কার্যক্রমকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীসহ অন্তত ৫ থেকে ৬ জন আহত হয়েছেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে এ ঘটনায় ইকবাল হোসেনকে প্রধান আসামি করে ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন কালিকাপুর আব্দুল মতিন খসরু ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাওন (১৮), কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থী অর্পণ (১৬), ফকিরবাজার সুন্নিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী হাফেজ মাজিদ (১৬), সৈকত (১৮) এবং স্থানীয় যুবক তারেক ভূঁইয়াসহ কয়েকজন। শাওন ও অর্পণ খারেরা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মান্নান জালালীর ছেলে। মাজিদ আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, খারেরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার নিয়ে অসন্তোষ চলছিল। এ পরিস্থিতিতে মাদকবিরোধী প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসী একটি কমিটি গঠন করেন। কমিটির সদস্য ও স্থানীয় যুবকেরা মাদক কারবারের বিরুদ্ধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছিলেন।
খারেরা মাদকবিরোধী কমিটির সভাপতি কুদ্দুছ, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভূঁইয়া এবং স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, রোববার রাতে খারেরা পূর্বপাড়ায় রিফাতের দোকানের সামনে ইয়াবা বিক্রির সময় স্থানীয় আব্দুল আলীমের ছেলে সোহেলকে আটক করা হয়। এ ঘটনার পর ইকবাল হোসেনের নেতৃত্বে শহীদ, কবির, রুবেল ও হৃদয়সহ কয়েকজন ধারালো অস্ত্র, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালান। এতে শিক্ষার্থীসহ কয়েকজন আহত হন বলে তাঁদের দাবি।
অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইকবাল হোসেন। তাঁর দাবি, ব্যক্তিগত জমি-সম্পত্তি ও আর্থিক লেনদেনের বিরোধের জেরে তাঁকে এ ঘটনায় জড়ানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সোহেলকে সহযোগিতার অভিযোগ তুলে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং তাঁর স্ত্রী ও ভাতিজির ওপর শারীরিকভাবে আঘাত করা হয়েছে। কোনো অপরাধে জড়িত থাকলে প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানান তিনি।
বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করেছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
এলাকাবাসীর প্রত্যাশা, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।