খাগড়াছড়ির রামগড়ে সীমান্তবর্তী ফেনী নদী থেকে অংথেপ্রু মারমা (৬৬) নামে সাবেক এক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার ফেনীরকূল এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের কপাল ও নাকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নিহত অংথেপ্রু মারমা রামগড় উপজেলার ফেনীরকূল এলাকার বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন অংথেপ্রু মারমা। এরপর রাত সাড়ে ৯টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তার সন্ধানে বের হন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পে অবহিত করেন তারা।
শনিবার সকালে স্বজনরা পুনরায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর তীরে তার ঘাসের বস্তা দেখতে পান। পরে আশপাশে তল্লাশি চালিয়ে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ছেলে থৈ অংগ্য মারমা জানান, তার বাবার কপালে আঘাতের চিহ্ন ছিল এবং সেখান থেকে রক্ত ঝরছিল।
ঘটনার খবর পেয়ে বিজিবি ও পুলিশ সীমান্তের ২২১৪/১৮ এস বিডি নম্বর সীমানা পিলারসংলগ্ন এলাকায় পৌঁছায়। এর আগেই স্বজনরা নদীর ওপার থেকে মরদেহ উদ্ধার করে বাংলাদেশের অংশে নিয়ে আসেন। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, নিহতের কপাল ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।