বুধবার (১১ নভেম্বর) খোলাহাটী ইউনিয়ন পরিষদে আয়োজিত এক লটারি কার্যক্রমে ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ১৫৯ জন নারী আবেদনকারীর মধ্য থেকে ১০ জনকে অস্থায়ী কর্মী হিসেবে নির্বাচিত করা হয়। খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুম হক্কানী আনুষ্ঠানিকভাবে লটারি পরিচালনা করেন।
লটারি কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ উজ্জ্বল মিয়া ও মোঃ আব্দুল রাজ্জাক, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সেলিম এবং পরিষদের সকল ইউপি সদস্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ ইউনুস আলী দুখু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর খোলাহাটী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ কল্লোল মিয়া।
প্রকল্পের আওতায় নির্বাচিত নারী কর্মীরা অস্থায়ী ভিত্তিতে ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে সড়কের স্বাভাবিক চলাচল উপযোগিতা বজায় রাখা, রাস্তার পরিচর্যা এবং গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, গ্রামীণ সড়ক একটি এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। এসব সড়কের যথাযথ রক্ষণাবেক্ষণ না হলে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ বিবেচনায় পল্লি সড়ক রক্ষণাবেক্ষণের পাশাপাশি স্থানীয় নারীদের কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ধরনের প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ অবকাঠামো সংরক্ষণে সহায়তা পাওয়া যাবে, অন্যদিকে স্থানীয় নারীরা কর্মসংস্থানের সুযোগ পেয়ে নিজেদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবেন। স্বচ্ছতা ও জবাবদিহির ধারাবাহিকতা বজায় রেখে প্রকল্পটির কার্যক্রম বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে এর সুফল আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।