কক্সবাজারের টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে সালিশ চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আব্দুল হোছাইন (২৪) নামে এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকারি আদেশ অমান্য ও ক্যাম্পে অনধিকার প্রবেশের দায়ে দণ্ডবিধির ১৮৮ ধারায় তাঁকে এ সাজা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সোমবার বিকেল পৌনে ৩টার দিকে ২৫ নম্বর ক্যাম্পের লিগ্যাল এইড অফিসে একটি পারিবারিক সালিশ চলছিল। এ সময় আব্দুল হোছাইন সেখানে গিয়ে সালিশ কার্যক্রমে বাধা দেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার খবর পেয়ে আলীখালী এপিবিএন ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাঁকে হেফাজতে নেয়।
পরে ক্যাম্প-২৫-এর ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে তাঁকে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার বাসিন্দা। সাজা দেওয়ার পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।