কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) হোয়াইক্যং পুলিশ ফাঁড়িসংলগ্ন টেকনাফ-কক্সবাজার মহাসড়কে পরিচালিত এ অভিযানে রায়হান (২৩) নামে এক যুবককে আটক করা হয়। জব্দ করা হয়েছে তাঁর ব্যবহৃত একটি ইয়ামাহা আর১৫এম মোটরসাইকেল।
এপিবিএন সূত্রে জানা গেছে, সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হোয়াইক্যং আর্মি ক্যাম্পের সেনাসদস্য ও উনচিপ্রাং এপিবিএনের সদস্যরা যৌথভাবে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে চালকের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে মোটরসাইকেলটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলটির তেলের ট্যাংকির ডান পাশের নিচে কালো টেপ দিয়ে মোড়ানো এবং পুরোনো ছেঁড়া লুঙ্গি দিয়ে পেঁচানো অবস্থায় ইয়াবা পাওয়া যায়। পরে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মুহাম্মদ হুমায়ুন কবির ও এসআই কৃষ্ণ চক্রবর্তী ঘটনাস্থলে উপস্থিত হন।
সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেলটি তল্লাশি করে ৪৯টি নীল রঙের জিপার পলিব্যাগে রাখা কমলা রঙের ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার গায়ে ইংরেজি অক্ষরে ‘WY’ লেখা ছিল। পলিব্যাগসহ ইয়াবার মোট ওজন ৯৭০ গ্রাম।
উদ্ধার করা আলামতের জব্দতালিকা প্রস্তুত শেষে আটক যুবক ও মোটরসাইকেলসহ ইয়াবা সংশ্লিষ্ট এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে সূত্র জানিয়েছে।