কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের সুরেশ গেট সংলগ্ন সীমান্তবর্তী কটক বাজার-বিবির বাজার সড়কের পাশে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে বসেছে চটপটির দোকান।
মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধের স্থানে এভাবে খাবারের দোকান পরিচালনার ঘটনায় স্থানটির মর্যাদা ও পরিবেশ রক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।
মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ জাতির গৌরব ও ইতিহাসের প্রতীক। অথচ এমন একটি সম্মানজনক স্থানে চটপটির দোকান বসানো কতটা শোভনীয়, তা নিয়ে সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের মতে, স্মৃতিসৌধের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার পরিচ্ছন্নতা, সৌন্দর্য ও যথাযথ মর্যাদা বজায় রাখা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এখানে খাবারের দোকান পরিচালনার ফলে ভবিষ্যতে ময়লা-আবর্জনা জমা, পরিবেশের অবনতি এবং স্মৃতিসৌধের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই স্থাপনার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্মৃতিসৌধের স্থানটি দোকানমুক্ত, পরিচ্ছন্ন ও যথাযথভাবে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে স্মৃতিসৌধের মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।