কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. হোসেন (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জেলে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১টার দিকে সাগরে মাছ ধরার প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।
নিহত মো. হোসেন সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় বসবাস করতেন। আহত পাঁচজন হলেন আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫), শফি আলম ও হামিদুল হক। তাঁরা সবাই উত্তর লম্বরী এলাকার বাসিন্দা।
নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার দুপুরে ছয়জন মিলে উত্তর লম্বরী নৌকাঘাট থেকে মাছ ধরতে সাগরে যান। মঙ্গলবার রাত ১টার দিকে মাছ ধরার জন্য জাল ফেলার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ সময় বজ্রপাত হলে নৌকায় থাকা সবাই আহত হন। তাঁদের মধ্যে মো. হোসেন গুরুতর আহত হন।
নৌকার মালিক আবদুল আমিন জানান, বজ্রপাতে হোসেনের বাম হাতে আঘাত লাগে। পরে তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নওশাদ আলম কানন জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক হোসেনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল। আহত অন্য পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, নিহতের স্বজনেরা টেকনাফে আসছেন। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হবে।