গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত থেকেও কখনো কখনো নিজেকে সাংবাদিক পরিচয় দিতে বিব্রত বোধ করি। এর অন্যতম কারণ, চারদিকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে নামসর্বস্ব, অনিবন্ধিত ও মনগড়া অনলাইন নিউজ পোর্টাল।
মাত্র ১,৫০০ টাকা খরচ করে একটি ওয়েবসাইট তৈরি করেই অনেকে নিজেদের সংবাদমাধ্যমের পরিচয় দিচ্ছেন। অথচ সংবাদমাধ্যম পরিচালনা, সংবাদ সংগ্রহ এবং সাংবাদিক পরিচয় বহন করার ক্ষেত্রে প্রয়োজন পেশাদারিত্ব, নীতিমালা, জবাবদিহি ও বিশ্বাসযোগ্যতা।
দুঃখজনক হলেও সত্য, এসব নামসর্বস্ব অনলাইন পোর্টালের ভিড়ে মূলধারার গণমাধ্যমে কর্মরত অভিজ্ঞ ও পেশাদার সাংবাদিকদের পরিচয়ও অনেক সময় প্রশ্নবিদ্ধ হচ্ছে। ফলে প্রকৃত সাংবাদিকরা নানা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
মনে রাখতে হবে, একটি ওয়েবসাইট তৈরি করলেই কেউ গণমাধ্যমের মালিক হয়ে যান না, হাতে একটি আইডি কার্ড থাকলেই কেউ সাংবাদিক হয়ে যান না। সাংবাদিকতা কোনো শখের পরিচয় নয়; এটি দায়িত্ব, নৈতিকতা, পেশাদারিত্ব ও জনস্বার্থে কাজ করার অঙ্গীকার।
এখনই সময় মূলধারার গণমাধ্যম, প্রকৃত সাংবাদিক এবং নামসর্বস্ব অনলাইন পোর্টালের মধ্যে পার্থক্য নির্ধারণের। অন্যথায় অপেশাদারিত্বের ভিড়ে প্রকৃত সাংবাদিকতার মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে থাকবে।