কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ নয়জনকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা সারের আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
রোববার (১ নভেম্বর) রাত ২টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্র এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন সার সুরক্ষা’র আওতায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করেন।
বোটে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটসহ নয়জনকে আটক করা হয়।
জব্দ করা সার ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।