শনিবার (২৪ অক্টোবর) ভোরে নলবুনিয়া জামে মসজিদের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক যুবকের নাম আব্দুল্লাহ (২৩)। তিনি নলবুনিয়া গ্রামের নুরুল আমিনের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পায়। তাদের চ্যালেঞ্জ করা হলে কয়েকজন পালিয়ে যান। পরে আব্দুল্লাহকে আটক করে তার ব্যাগ তল্লাশি করা হয়।
এ সময় ব্যাগ থেকে ১২০ পিস ইয়াবা, দুটি দেশীয় দা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে বিজিবি জানিয়েছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।