গাজীপুর সদর উপজেলার বেলাই-বিল থেকে উদ্ধার হওয়া স্কুল ড্রেস পরা কিশোরীর পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম তানজিনা (১৭)। তার বাবা নবী হোসেন প্রবাসী। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায়।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় কয়ের পশ্চিমপাড়া এলাকার বেলাই-বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, গত ১৬ অক্টোবর থেকে তানজিনা নিখোঁজ ছিল। এ ঘটনায় ‘md Rayhan’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাকে খুঁজে পেতে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগের মাধ্যমে কিশোরীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, তানজিনা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে বিলের পানিতে এক কিশোরীর মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে জয়দেবপুর থানার আমতলী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
আমতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাবলু জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
তানজিনার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে।