গাজীপুর মহানগরীর পূবাইলে আফসানা আক্তার স্নিগ্ধা (২১) নামে এক তরুণীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে তাঁর স্বামী মেহেদী হাসান মারুফকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১টা ২৫ মিনিটে কুষ্টিয়া সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে প্রবাসে থাকা অবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে স্নিগ্ধার সঙ্গে মারুফের বিয়ে হয়। পরে দেশে ফিরে কাজির মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মারুফ। তবে তাঁর পরিবার বিয়ে মেনে না নেওয়ায় তাঁরা পূবাইলের তালটিয়া মধ্যপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই পারিবারিক বিষয় নিয়ে স্নিগ্ধাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন মারুফ।
গত ১৮ সেপ্টেম্বর রাতে ছোট বোন সিনথিয়ার সঙ্গে স্নিগ্ধার সর্বশেষ কথা হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর সকালে তাঁদের ভাড়া বাসার একটি কক্ষ থেকে স্নিগ্ধার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর মারুফকে বাসায় পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে স্নিগ্ধাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় নিহতের বাবা আফসার মিয়া বাদী হয়ে পূবাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক ছিলেন মারুফ।
পূবাইল থানা পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে পূবাইল থানায় নিয়ে আসা হয় এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়।