যশোরের চৌগাছায় গরু চুরির সন্দেহে জনতার হাতে আটক এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) ভোররাতে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় নিজের নাম মিজানুর রহমান বলে পরিচয় দেন। তিনি কুষ্টিয়া জেলার লালন শাহ বাজার সংলগ্ন বাটকেমারি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে বাঘারদাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে ইদ্রিস আলীর বাড়িতে কয়েকজন ব্যক্তি প্রবেশ করে। তারা গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করলে বিষয়টি টের পান বাড়ির মালিক। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে সন্দেহভাজনদের ধাওয়া করেন। তিনজনের মধ্যে দুজন পালিয়ে গেলেও মিজানুর রহমান নামে একজনকে আটক করা হয়।
পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, বাঘারদাড়ি গ্রামে দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছে। রাত জেগে গ্রামবাসীকে পাহারা দিতে হয়। প্রায় এক বছর আগে ইদ্রিস আলীর তিনটি গরু চুরি হয়েছিল। এছাড়া গত দুই-তিন বছরে গ্রামটিতে অন্তত ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেন।
গরুর মালিক ইদ্রিস আলী বলেন, রাতে বাইরে বের হয়ে গোয়ালঘরের কাছে তিনজনকে দেখতে পান। চিৎকার দিলে গ্রামবাসী ছুটে এসে তাদের ধাওয়া করে। এ সময় একজনকে আটক করা সম্ভব হলেও অন্য দুজন পালিয়ে যায়।
চৌগাছা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেজা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাতজনিত কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।